বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ জুন ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

তৃতীয় সংসার শুরু করতে যাচ্ছেন আমির খান


amir-khan

বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৫ জুলাই পারিবারিক আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আমির।

গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন আমির। সে সময় তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন এবং প্রায় ১৮ মাস ধরে তাদের সম্পর্ক চলছিল। সম্পর্কটি গোপন রাখার বিষয়েও মজার ছলে কথা বলেন অভিনেতা।

আমির জানান, গৌরী দীর্ঘদিন বেঙ্গালুরুতে থাকতেন। ফলে মুম্বাইয়ের তুলনায় মিডিয়ার নজর কম থাকায় তারা অনেকটাই আড়ালে সম্পর্ক চালিয়ে যেতে পেরেছিলেন। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে লন্ডনে পড়াশোনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, গৌরীর আগমনে তার জীবনে মানসিক প্রশান্তি এসেছে। তিনি জানান, আগের সম্পর্কগুলো তার জীবনে গুরুত্বপূর্ণ হলেও গৌরীর সঙ্গে বর্তমান সময়টাকে তিনি বিশেষভাবে উপভোগ করছেন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

Gouri-Amir

গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠান ও আন্তর্জাতিক আয়োজনে একসঙ্গে দেখা গেছে আমির ও গৌরীকে। এতে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তান আজাদের দায়িত্ব এখনও যৌথভাবে পালন করছেন এই সাবেক দম্পতি।

সূত্র: এনডিটিভি