
ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হওয়া দুই নারীর ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-২। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত অভিযানে কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম জানান, মোহাম্মদপুরের আলোচিত ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোডে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর দুই নারী ছিনতাইয়ের শিকার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ঘটনার পর পুলিশ একজন সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। সেই ধারাবাহিকতায় র্যাবের অভিযানে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।












































