
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এমপি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন। এ সময় কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্বস্থলে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।
পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন হাসনাত আবদুল্লাহ। তিনি রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, সরকারি বিধি অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হবে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।











































