মঙ্গলবার । জুন ২, ২০২৬
টেক ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
শেয়ার

ইনস্টাগ্রামের এআই চ্যাটবট ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ


instagram

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও ভিডিও অনুযায়ী, মেটা’র মালিকানাধীন ইনস্টাগ্রামের এআই চ্যাটবট ব্যবহার করে কিছু ব্যবহারকারী অন্যদের অ্যাকাউন্ট “হাইজ্যাক” করতে সক্ষম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ভুয়া লোকেশন ব্যবহার করে অন্যের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হয়। তারা নিজেদের অবস্থান গোপন করতে ভিপিএন ব্যবহার করছিল এবং এরপর এআই সাপোর্ট সিস্টেমকে ব্যবহার করে ইমেইল পরিবর্তনের অনুরোধ জানাত।

অভিযোগ অনুযায়ী, তারা এআই সহকারীর মাধ্যমে অ্যাকাউন্টে নতুন ইমেইল যুক্ত করে ভেরিফিকেশন কোড পেয়ে যেত। সেই কোড ব্যবহার করেই তারা পাসওয়ার্ড পরিবর্তনের লিংক অ্যাক্সেস করত।

তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, এই সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো নিরাপদ করা হচ্ছে। তিনি আরও বলেন, কিছু সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে যে বিশ্বনেতাদের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে—এটি সম্পূর্ণ ‘ভুয়া তথ্য’।

প্রযুক্তি সংবাদমাধ্যম 404 মিডিয়া জানিয়েছে, এই দুর্বলতার অভিযোগ এমন সময় সামনে আসে যখন ইনস্টাগ্রামে বেশ কয়েকটি হাই প্রোফাইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা দেখা যায়। এর মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভেরিফায়েড অ্যাকাউন্টও ছিল বলে দাবি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই অ্যাকাউন্ট থেকে কিছুক্ষণ ইরানপন্থী পোস্টও করা হয়েছিল, পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

এখন পর্যন্ত কতটি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নিরাপত্তা গবেষক এবং সাবেক মেটা কর্মী জেন মাঞ্চুন ওং নিজেও জানিয়েছেন, তার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড তার অজান্তেই পরিবর্তন হয়ে যায় এবং বারবার রিসেট চেষ্টা দেখা যায়।

এই ঘটনার মাধ্যমে আবারও দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার যেমন সুবিধা দিচ্ছে, তেমনি সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়াচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, ইনস্টাগ্রামের রিকভারি প্রক্রিয়া ব্যবহার করে কীভাবে অ্যাকাউন্ট দখলের চেষ্টা করা যায়। সেখানে এআই সাপোর্ট বটকে নতুন ইমেইল যুক্ত করার অনুরোধ করলে সেটি কোড পাঠিয়ে দিচ্ছে, যা ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব হচ্ছে বলে দাবি করা হয়।

কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাক হলে মানুষের সহায়তা পাওয়া যাচ্ছে না। ফলে অনেক সময় সমস্যার সমাধান পুরোপুরি এআই সিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প