
ছবি : সংগৃহীত
অবশেষে জয়খরার অবসান হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টানা পাঁচ ম্যাচে পরাজয়ের পর স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে জয়ে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগ্রেসরা। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৫৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। তার ৪৭ বলের এই ইনিংসে ছিল ৬টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাকেইরা দুটি করে উইকেট শিকার করেন।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত ও ধারাল বোলিংয়ের সামনে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে স্কটিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটল্যান্ড একপর্যায়ে ১৫.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে নাটকীয় ধসের শিকার হয়ে ১৯ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস, যার মধ্যে শেষ ৪টি উইকেটই তারা হারায় মাত্র ৬ রানের ব্যবধানে।
স্কটল্যান্ডের পক্ষে সারাহ ব্রাইস ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন এবং চতুর্থ উইকেটে আলিসা লিস্টার ও সারাহ ব্রাইসের ২৮ বলে ৩৮ রানের জুটিটিই ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ প্রতিরোধ। বাংলাদেশের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি; তিনি মাত্র ২ ওভার বল করে ১২ রান খরচায় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এ ছাড়া দুর্দান্ত বোলিং করে দুটি করে উইকেট শিকার করেন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা এবং রাবেয়া খান ও সোবহানা মোস্তারি নেন একটি করে উইকেট।
বাংলাদেশের এই দুর্দান্ত জয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে ম্যাচসেরা নির্বাচিত হন অধিনায়ক জ্যোতি। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এডিনবার্গের এই ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ এক পূর্বপ্রস্তুতি।
আগামী পরশু একই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে এক নম্বর গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে লড়বে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।















































