
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪২ শিশু এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৯২ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৪ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা ও নজরদারি জোরদার করা হয়েছে।














































