শনিবার । মে ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৩০ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানায়, মৃত শিশুদের মধ্যে ঢাকায় তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুজন রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে চলমান প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

এদিকে একই সময়ের মধ্যে দেশে ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৫৫ হাজার ৭০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।