
ফাইল ছবি
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের আজকের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে এক নির্মম সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শাহাদাতবরণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে দীর্ঘ দিন পর দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় এবারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। তবে গত বছরের ডিসেম্বরে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায়, তাঁকে ছাড়াই এবারই প্রথম বড় পরিসরে সব আয়োজন করতে হচ্ছে দলটিকে।
দিবসটি উপলক্ষে গত ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ৩০ মে শনিবার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে কালো পতাকা। এছাড়া দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন।
আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন প্রান্তে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শাহাদাতবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৩১ মে, রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও ‘জেড ফোর্স’-এর অধিনায়ক। ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি।
তিনি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেন, যার কারণে তাঁকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’ প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। উৎপাদনমুখী রাজনীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন তিনি এ দেশের মানুষকে উপহার দিয়ে গেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি বছরের মতো এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা আয়োজনে দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করছে।






































