
নিহত জাহিদুল ইসলাম/ছবি- সংগৃহীত
জীবিকার তাগিদে সুদূর ইরাকে পাড়ি জমানো জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাহিদুল সরদার (৪৮) নামের এক প্রবাসী স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হঠাৎ তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক ১টার দিকে তিনি হঠাৎ স্ট্রোক করেন। মৃত জাহিদুল মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামের মরহুম বানু সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের মুখে হাসি ফোটাতে ও জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ইরাকে কর্মরত ছিলেন জাহিদুল সরদার। বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ তিনি স্ট্রোক করলে সহকর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের মেয়ে জানান, রাত আনুমানিক ২টার দিকে দূর পরবাস থেকে বাবার মৃত্যুর এই বুকফাটা সংবাদটি তাঁরা পান।
স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী উজুফা বেগম। তিনি বলেন, “তিনি পরিবারের সুখের আশায় দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তিনিই ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তাঁর এই মৃত্যুতে আমরা পুরো পরিবার আজ সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছি।”
তিনি আরও বলেন, “আমার স্বামী আমাদের জন্য দিনরাত কষ্ট করে কাজ করেছেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত তাঁর মরদেহটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”
স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা জানান, জাহিদুল সরদার অত্যন্ত শান্ত, ভদ্র ও কঠোর পরিশ্রমী একজন মানুষ ছিলেন। পরিবারের একটু সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় প্রবাসে দিনরাত এক করে কাজ করে যাচ্ছিলেন তিনি। তাঁর এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন।
এদিকে, জাহিদুল সরদারের মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের সদস্যরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।










































