
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই পক্ষ একটি সমঝোতা স্মারকে পৌঁছালেও এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন বাকি রয়েছে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের পর থেকে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় রয়েছে। এপ্রিল মাসে ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে বিরল সরাসরি বৈঠকেরও আয়োজন করেছিল পাকিস্তান।
ওয়াশিংটন সফরের আগে নিউইয়র্কে জাতিসংঘে ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব গ্লোবাল গভর্ন্যান্স’ বৈঠকে অংশ নেন ইসহাক দার। সেখানে তিনি একতরফা নীতি ও আন্তর্জাতিক আইন বেছে বেছে প্রয়োগের সমালোচনা করে বলেন, এতে বৈশ্বিক স্থিতিশীলতা দুর্বল হচ্ছে।
তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’-এর প্রতিও সমর্থন জানান এবং বলেন, এটি উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।
নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। চীন পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।


































