
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি বয়স ও অবিবাহিত থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির শিকার হলেও এবার নীরব থাকেননি। এক ট্রলের মন্তব্যের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কড়া ভাষায় জবাব দিয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী।
একজন মন্তব্য করেছিলেন, বয়সের কারণে তিনি আগের মতো নেই। এর জবাবে শমিতা বলেন, সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন হওয়াই স্বাভাবিক এবং বাহ্যিক সৌন্দর্য কখনোই স্থায়ী নয়। তবে নিজের বর্তমান জীবন নিয়ে তিনি সন্তুষ্ট, সুস্থ ও সুখী বলেও উল্লেখ করেন।
আরেক ট্রলারের ‘সময়মতো বিয়ে করলে সন্তান বড় হয়ে যেত’ মন্তব্যের প্রতিক্রিয়ায় শমিতা প্রশ্ন ছুড়ে দেন, বিয়ে করে কী বিশেষ অর্জন করা হয়েছে? একই সঙ্গে অবিবাহিত নারীদের নিয়ে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি একে পুরুষতান্ত্রিক ও সেকেলে মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। শেষে এমন মানসিকতার মানুষদের তাকে অনুসরণ না করার আহ্বান জানান তিনি।
‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা শমিতা শেঠি পরবর্তীতে বেশ কয়েকটি চলচ্চিত্র ও জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা রাকেশ বাপাটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন থাকলেও ২০২২ সালে তাদের বিচ্ছেদের কথা জানান তিনি।








































