বুধবার । মে ২৭, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৭ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শেয়ার

‘ডন থ্রি’ বিতর্কে রণবীর সিংকে বয়কটের ডাক


Ranveer Sing

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিংকে বয়কটের ডাক দিয়েছে দেশটির একটি বড় চলচ্চিত্র কর্মী সংগঠন। আসন্ন সিনেমা ‘ডন থ্রি’ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

সংগঠনটির দাবি, সিনেমাটির প্রি-প্রোডাকশনে ইতোমধ্যে প্রায় ৪৫ কোটি রুপি খরচ হয়ে গেছে। ঠিক শুটিং শুরুর কয়েক সপ্তাহ আগে নাকি সিনেমা থেকে সরে যান রণবীর সিং। এরপর বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও অভিনেতা কোনো সাড়া দেননি বলে অভিযোগ করেছে এফডব্লিউআইসিই।

তবে রণবীর সিং এখন পর্যন্ত প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তার টিম প্রশ্ন তুলেছে—এফডব্লিউআইসিই আদৌ কোনো অভিনেতাকে ডেকে ব্যাখ্যা চাওয়ার ক্ষমতা রাখে কি না।

এফডব্লিউআইসিই সভাপতি বি এন তিওয়ারি বলেছেন, ‘ইন্ডাস্ট্রিকে আমরা একটা বার্তা দিতে চাই—কোনো সুপারস্টার নিয়মের ঊর্ধ্বে নন।’

যদিও এটি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নয়, তবুও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ রণবীর সিং বর্তমানে বলিউডের অন্যতম বড় তারকা এবং ডন সিরিজও ভারতের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।

১৯৭৮ সালে অমিতাভ বচ্চন অভিনীত প্রথম ডন সিনেমাটি মুক্তি পায়। পরে নির্মাতা ফারহান আখতার ২০০৬ সালে নতুনভাবে সিরিজটি তৈরি করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান।

২০২৩ সালে ঘোষণা দেওয়া ডন থ্রি সিনেমায় নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিংকে দেখা যাওয়ার কথা ছিল।

এদিকে বিতর্কের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, সিনেমা ছাড়ার ঘটনা বলিউডে নতুন নয়, তাই রণবীরকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। আবার অনেকে মনে করছেন, বড় বাজেটের সিনেমায় শেষ মুহূর্তে সরে দাঁড়ানো অপেশাদার আচরণ।

রণবীর সিং এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ২০২৫ সালে একটি অনুষ্ঠানে কন্নড় সিনেমা কানতারা’র একটি ধর্মীয় আচারভিত্তিক দৃশ্য অনুকরণ করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে এ ঘটনায় ক্ষমাও চান অভিনেতা।

এর আগে ২০১৫ সালেও একটি বিতর্কিত কমেডি রোস্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রণবীর সিং।