মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৬ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

ঈদের আগমুহূর্তে ডিসিপি জটিলতা নিয়ে দুশ্চিন্তায় স্টার সিনেপ্লেক্স


Star-Cineplex

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের চলচ্চিত্রাঙ্গনে চলছে ব্যস্ত প্রস্তুতি। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে আবারও ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা দেওয়া নিয়ে জটিলতায় পড়েছে দেশের অন্যতম আধুনিক সিনেমা হল চেইন স্টার সিনেপ্লেক্স। সময়মতো ডিসিপি না পাওয়ায় ঈদের সিনেমাগুলোর শিডিউল নির্ধারণ ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রতিষ্ঠানটি।

সিনেমা মুক্তির আগে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ডিসিপি সরবরাহ বাধ্যতামূলক। কোনো টেকনিক্যাল ত্রুটি বা ফরম্যাট সমস্যার কারণে অনেক সময় নতুন করে ডিসিপি তৈরি করতে হয়, যা সময়সাপেক্ষ। গত ঈদেও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবারও সেই শঙ্কা কাটেনি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ জানিয়েছেন, এবারের ঈদে একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে এবং সিনেপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক সিনেমা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। কিন্তু ঈদের মাত্র একদিন বাকি থাকলেও এখনো সব সিনেমার ডিসিপি হাতে পৌঁছেনি।

তিনি বলেন, ডিসিপি না পাওয়ায় এখনো সিনেমার প্রদর্শন সূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে অগ্রিম টিকিট বিক্রিও শুরু করা যাচ্ছে না। ডিসিপি হাতে পাওয়ার পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্যও বাড়তি সময় প্রয়োজন হয়। প্রযোজক ও পরিবেশকদের দেরির কারণে সিনেপ্লেক্সের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম আটকে যাচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া গত ঈদের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি চান না উল্লেখ করে মেজবাহ আহমেদ স্পষ্ট জানান, ডিসিপি সংক্রান্ত কোনো সমস্যার দায় সিনেপ্লেক্স নেবে না।

এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘মাসুদ রানা’, ‘মালিক’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘পিনিক’, ‘বনলতা সেন’, ‘তছনছ’ ও ‘অফিসার’সহ বেশ কয়েকটি সিনেমা। তবে শেষ পর্যন্ত কতটি সিনেমা ঈদে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে প্রায় ১২০টি সিনেমা হল রয়েছে। এত সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে একসঙ্গে বিপুলসংখ্যক সিনেমা মুক্তি পাওয়াকে বড় ধরনের প্রতিযোগিতা ও ঝুঁকি হিসেবেই দেখা হচ্ছে।