
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রারের জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, এসব আস্তানা নির্মূল করা হবে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় দ্রুতই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা অত্যন্ত উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, যা কঠোরভাবে দমন করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতির কারণে দুর্বৃত্তায়ন মহামারির আকার নিয়েছিল। জঙ্গল সলিমপুর একসময় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রে’ পরিণত হয়েছিল। তবে যৌথ অভিযানের মাধ্যমে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে সেখানে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও চট্টগ্রাম জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কারণে সন্ত্রাসীরা তাদের পুরোনো আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে, জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের ক্যাম্পে হামলার বিষয়ে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ বলেন, হামলার ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। তবে সন্ত্রাসীদের এমন কোনো শক্তি নেই, যাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে পরাস্ত করতে পারে। তিনি বলেন, হয়তো তাদের গতিবিধি পর্যবেক্ষণে কিছু ঘাটতি ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।







































