মঙ্গলবার । মে ২৬, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৬ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে টানা তৃতীয় দিনের বৃষ্টি


Dhaka Rain

ছবি: বাংলা টেলিগ্রাফ

টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার (২৬ মে) রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে। সকাল পর্যন্ত আবহাওয়া কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর হঠাৎ আকাশ কালো হয়ে নামে মুষলধারে বৃষ্টি। সঙ্গে থেমে থেমে বজ্রপাতও হয়, ফলে নগরজীবনে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ সময়কালটিতে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় হয়ে ওঠায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ে। রাজধানীতেও সেই প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এদিকে ঈদুল আজহার ছুটির কারণে অনেকেই গ্রামের পথে রওনা দিচ্ছেন। বাস টার্মিনাল, রেলস্টেশন এবং মহাসড়কে যাত্রীদের চাপ তুলনামূলকভাবে বেড়েছে। বৃষ্টির কারণে এই যাত্রাপথে ভোগান্তিতে পড়ছেন তারা।

এছাড়া রাজধানীর বিভিন্ন পশুর হাট এলাকায় যানবাহনের চাপ ও মানুষের ভিড় ইতোমধ্যে বেড়েছে। বৃষ্টির কারণে কাদা ও পিচ্ছিল সড়কে চলাচল কিছুটা ধীর হয়ে পড়ায় দুর্ভোগও বাড়ছে।

আবহাওয়ার এই অনিশ্চিত পরিস্থিতিতে যাত্রীদের সময় নিয়ে যাত্রা করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল