সোমবার । মে ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ মে ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
শেয়ার

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়


Kuwait

বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী কয়েকটি ফ্লাইটের মাধ্যমে কুয়েতে পাঠানো হচ্ছে

বাংলাদেশ থেকে কুয়েত–এর জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মানবিক সহায়তার এই উদ্যোগকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৪ মে) কুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ–এর কাছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী তুলে দেন তার বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

জানা গেছে, বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী কয়েকটি ফ্লাইটের মাধ্যমে কুয়েতে পাঠানো হচ্ছে।

এ সময় হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ–কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও হস্তান্তর করেন। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই মানবিক সহায়তার প্রশংসা করে বলেন, সংকটের সময়ে এমন উদ্যোগ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।