সোমবার । মে ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ মে ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ


Jangal-Salimpur

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে নবগঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকাজুড়ে অভিযান শুরু করেছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তার দাবি, জঙ্গল সলিমপুর থেকে সম্প্রতি বিতাড়িত ইয়াসিন বাহিনীর সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত।

অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায়।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি সন্ত্রাসীদের দখলে ছিল। পাহাড় কেটে বসতি গড়ে তোলা, অস্ত্র ও মাদকের বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এলাকাটি। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ হারায়।

সরকার ইতোমধ্যে সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে।