
সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে কথা বলেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথে’ পরিস্থিতি মোকাবিলা করবে। তবে ওয়াশিংটনের প্রথম পছন্দ একটি ভালো সমঝোতায় পৌঁছানো।
সোমবার (২৫ মে) নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারত সফরে থাকা রুবিও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতা নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ‘গত রাতে বা আজ হয়তো কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে বিষয়টি নিয়ে খুব বেশি কিছু ধরে নেওয়া ঠিক হবে না।’
রুবিও আরও জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সেখানে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে একটি ‘ভালো প্রস্তাব’ আলোচনায় রয়েছে।
গত ৮ এপ্রিল থেকে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এখনো ইরান বেশিরভাগ জাহাজের জন্য হরমুজ প্রণালিতে চলাচলে বাধা দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বজায় রেখেছে।
গতকাল ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষর ও অনুমোদন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।
তিনি বলেন, ‘দুই পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’
এদিকে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, সম্ভাব্য সমঝোতার কিছু অংশে এখনও বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল














































