মঙ্গলবার । মে ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ মে ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

চিলিতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


Earthquake

ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সোমবার (২৫ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে দেশটিতে এই তীব্র কম্পন অনুভূত হয়। চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভূকম্পন কেন্দ্র জানায়, শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিলির কালামা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিণে। তবে তীব্র কম্পন সৃষ্টি হলেও প্রাথমিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে চিলি বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের (প্যাসিফিক রিং অফ ফায়ার) ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই মাঝারি ও শক্তিশালী ভূকম্পন হয়ে থাকে। বিজ্ঞানীরা জানান, মূলত নাজকা এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের মধ্যে চলমান তীব্র সংঘর্ষের কারণেই দেশজুড়ে নিয়মিত এই কম্পন সৃষ্টি হয়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৫৭০ সাল থেকে এখন পর্যন্ত চিলিতে প্রায় ১০০টি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে অন্তত ৩০টি ভূমিকম্পের মাত্রা ছিল ৮ বা তারও বেশি। চিলির জরুরি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, দেশটিতে গড়ে প্রতি দশকে অন্তত একটি করে ৮ বা তার চেয়ে বেশি শক্তিশালী প্রলয়ঙ্করী ভূমিকম্পের মুখোমুখি হতে হয়।