সোমবার । মে ২৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ মে ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি


libya-bangladeshi

ছবি-সংগৃহীত

বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে লিবিয়ায় আটকে পড়া আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ সোমবার (২৫ মে) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার বেনগাজি শহর থেকে রওনা হয়ে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা প্রত্যাবাসিত এই অভিবাসীদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই দালালের খপ্পরে পড়ে ও মানব পাচারকারীদের সহায়তায় অবৈধ উপায়ে লিবিয়ায় গিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে লিবিয়ায় অবস্থানকালে তাঁরা বিভিন্ন সময়ে স্থানীয় অপশক্তি ও পাচারকারীদের হাতে অপহরণ, অমানুষিক নির্যাতন এবং চরম সহিংসতার শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্য কেউ যেন এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসনের পথ বেছে না নেন, সে বিষয়ে সবাইকে নিরুৎসাহিত করতে দেশে ফিরে আসা অভিবাসীদের তাঁদের লিবিয়া প্রবাসের সেই ভয়াবহ ও কষ্টদায়ক অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দেশে ফিরে আসা এই ভাগ্যবিড়ম্বিত বাংলাদেশিদের তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছে। সংস্থাটির পক্ষ থেকে তাঁদের জরুরি পরিবহন খরচ, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী বিমানবন্দরে সাময়িক থাকার ব্যবস্থা করা হয়। (সূত্র: বাসস)