বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২১ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নারী উদ্ধার


probashi-kollan

ছবি: সংগৃহীত

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তৎপরতায় কম্বোডিয়ার একটি স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি নারীর দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। ব্যাংকক দূতাবাসের সহযোগিতায় ট্রাভেল পাস ইস্যুর মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরবেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের আগস্টে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওই নারী কম্বোডিয়ায় যান। সেখানে কম্পিউটার কাজ ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে নেওয়া হলেও পরে তার পাসপোর্ট কেড়ে নিয়ে একটি স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়। সেখানে তাকে দিয়ে অনলাইন ও মোবাইলভিত্তিক আর্থিক প্রতারণার কাজে বাধ্য করা হতো বলে জানা গেছে।

দীর্ঘদিন বন্দিদশায় থাকার পর গত ২০ মে তিনি দালালদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে একটি অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়ে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেন এবং দেশে ফেরার সহযোগিতা চান।

এরপর মন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যাংকক দূতাবাসের শ্রম কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দূতাবাসের কর্মকর্তারা ভিডিও কলে তার অবস্থান নিশ্চিত করেন এবং কম্বোডিয়ায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় তাকে নমপেন শহর থেকে উদ্ধার করা হয়।

বর্তমানে কম্বোডিয়া সরকারের সহায়তায় ট্রাভেল পাস ইস্যুর মাধ্যমে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।