
তিনদিনের এই মেলায় বাংলাদেশ, ভারতের কলকাতা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়
প্রবাসী বাঙালিদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো তিনদিনের ‘দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’। গত ১৫ মে নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মেলার সূচনা করেন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, প্রখ্যাত আমেরিকান লেখিকা ও অনুবাদক ক্যারোলিন রাইট।
এবারের বইমেলার সমাপনী দিনে (১৭ মে) সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ড. মুহম্মদ জাফর ইকবালকে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য ছিল ২ হাজার মার্কিন ডলার। ড. মুহম্মদ জাফর ইকবাল অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন একাত্তরের প্রহরী ফাউণ্ডেশন এর সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া।
‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র’ আয়োজিত এই মেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া।
তিনদিনের এই মেলায় বাংলাদেশ, ভারতের কলকাতা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা প্রাঙ্গণে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ এবং প্রকাশকদের মুখোমুখি আড্ডার আয়োজন করা হয়। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বইপ্রেমী ও সাহিত্যিকদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা, লোকসংগীতশিল্পী জয় শংকর, দীনাত জাহান মুন্নী ও তাজুল ইমামসহ আরও অনেক প্রথিতযশা শিল্পী। প্রবাসী নতুন প্রজন্মের জন্য ছবি আঁকা, আবৃত্তি, রচনা ও নাচ-গানের বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা ছিল, যা মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।
বইমেলা উপলক্ষে একটি চমৎকার ম্যাগাজিন ‘উত্থান’ প্রকাশিত হয়েছে। প্রধান সম্পাদকীয় উপদেষ্টা ড. নুরুন নবীর তত্ত্বাবধানে ও কবি ফকির ইলিয়াসের সংযোগ সমন্বয়ে এটি সম্পাদকের দায়িত্বে ছিলেন আসলাম আহমাদ খান।














































