
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের লোগো
দীর্ঘ পাঁচ বছর আগে বাংলাদেশের মুন্সীগঞ্জে নিজের চাচাকে গুলি করে হত্যার দায়ে গ্যানেট রোজারিও (৫৪) নামে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত। বৃহস্পতিবার (৭ মে) নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মার্কিন নাগরিকত্বের সুযোগ নিয়ে বাংলাদেশে অপরাধ করেও পার পাননি এই অভিযুক্ত।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দণ্ডিত গ্যানেট রোজারিও নিউ ইয়র্কের বাসিন্দা এবং তিনি এর আগে আদালতে নিজের অপরাধ স্বীকার করেছিলেন।
আদালতের নথিপত্র অনুযায়ী, নিহত মাইকেল রোজারিও এবং তাঁর ভাতিজা গ্যানেট রোজারিও দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁদের মধ্যে দীর্ঘ দিন ধরে মুন্সীগঞ্জের পৈত্রিক বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। ২০২১ সালে তাঁরা দুজনেই বাংলাদেশে এসে ওই বাড়িতে অবস্থান করছিলেন।
ওই বছরের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে চাচার শয়নকক্ষের জানালার কাছে দাঁড়িয়ে শুনতে পান, চাচা তাঁকে নিয়ে গালাগাল করছেন। এতে ক্ষিপ্ত হয়ে গ্যানেট ঘর থেকে একটি শটগান নিয়ে এসে চিৎকার করে বলেন, ‘তুমি কাল আর সূর্য দেখবা না’। এরপরই জানালা দিয়ে গুলি ছুড়লে মাইকেল রোজারিওর পেটে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর গ্যানেট আত্মগোপন করেন এবং ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিদেশে কোনো মার্কিন নাগরিকের হাতে অন্য মার্কিন নাগরিক আক্রান্ত হলে বিশেষ অনুমোদনে সে দেশে বিচার করার বিধান রয়েছে। সেই সুযোগেই এফবিআই এই মামলার তদন্ত শুরু করে এবং ২০২৪ সালের এপ্রিলে গ্যানেটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এই চাঞ্চল্যকর মামলার তদন্তে এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক ফিল্ড অফিস কাজ করেছে। গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআই-এর লিগ্যাল অ্যাটাশে এবং বাংলাদেশ সরকার সরাসরি সহযোগিতা করেছে। মার্কিন বিচার বিভাগ এই সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।













































