বুধবার । জুন ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৪ জুন ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
শেয়ার

গোল করে রোনালদো বললেন, ‘আমি ফিরে এসেছি’


Ronaldo CR

বিশ্বকাপের ইতিহাসে রোলানদোই একমাত্র ফুটবলার যিনি ছয়টি বিশ্বকাপে গোল করেছেন

অবশেষে বিশ্বকাপের গোলের খাতা খুললেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি সমালোচকদেরও জবাব দিয়েছেন তিনি।

মঙ্গলবারের ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল করেন রোনালদো। এর মাধ্যমে কঠিন একটি সপ্তাহ পেছনে ফেলে আবারও তিনি দেখিয়ে দিলেন, প্রতিপক্ষের বক্সের ভেতরে সুযোগ কাজে লাগানোর ক্ষমতা এখনও আগের মতোই ধারালো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগাল ১-১ গোলে ড্র করেছিল কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে। সেই হতাশাজনক পারফরম্যান্সের পর দল ও রোনালদো দুজনকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অন্যদিকে টুর্নামেন্টের শুরুতেই গোল করে আলোচনায় চলে আসেন লিওনেল মেসি, আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপ্পে।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসও গড়েছেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যিনি ছয়টি বিশ্বকাপে গোল করেছেন। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়ে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিও কে।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, রোনালদো ও মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা দুজনকেই আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে।

মার্তিনেজ বলেন, ‘আমি বিশ্বাস করি, এই দুই খেলোয়াড় বছরের পর বছর ফুটবলকে সমৃদ্ধ করেছে। তাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের নিজেদের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, ‘রোনালদো জাতীয় দলের একজন আইকন ও আদর্শ। মাঠে এবং ড্রেসিংরুমে তার মনোভাব অসাধারণ। শুধু গোল নয়, পাস দেওয়া ও সুযোগ তৈরি করাতেও তিনি উদাহরণ হয়ে আছেন।’

দুই গোল করার পর মাঠ ছাড়ার সময় রোনালদোকে টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে ‘আমি ফিরে এসেছি’ বলতে দেখা যায়। তবে কোচ মার্তিনেজের দাবি, তিনি কখনও রোনালদোকে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করতে দেখেননি।

এদিকে উজবেকিস্তানের কোচ এবং ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ফাবিও কান্নাভারোও রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন।

কান্নাভারো বলেছেন, ‘রোনালদোর বিপক্ষে খেললে তাকে এক সেন্টিমিটার জায়গাও দেওয়া যাবে না। সামান্য সুযোগ পেলেই সে গোল করবে।’

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোনালদোকে তার ‘অসাধারণ অর্জনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন।