
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম || ছবি: সংগৃহীত
সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ ঠেকাতে গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে ঢাকার গুলশানে ‘মশক নিধন অভিযানে’ নেমেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর গুলশানে টাস্ক ফোর্স কমিটির মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন তিনি।
অভিযানের প্রথম দিনে গুলশানের সাত নম্বর রোডের ‘চয়েস রেস্টুরেন্টে’ এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পরিদর্শন করা ৬টি বাড়ির মধ্যে ৩টিতেই লার্ভা মেলায় জরিমানা করা হয়।
মশার বংশবৃদ্ধি রোধে লার্ভা ধ্বংসকারী দীর্ঘমেয়াদি ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হচ্ছে। নিজস্ব নিরাপত্তা ও জনস্বার্থে নাগরিকদের ফুলের টব, গাড়ির টায়ার ও পরিত্যক্ত বালতির জমে থাকা পানি পরিষ্কারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ বলছে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান ও পরিদর্শন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।
গত বছর ডেঙ্গুর দাপট দেখা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা কম। গত মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তার আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু্জন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। সেই মাসে ১০৪ জনের প্রাণ যায়।








































