মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
শেয়ার

ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মমতার মামলা; ইভিএম-ভিভিপ্যাট ও ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের


ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মমতার মামলা; ইভিএম-ভিভিপ্যাট ও ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

মমতা বন্দ্যোপাধ্যায় || ফাইল ছবি

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। ফলে কেন্দ্রের সমাপ্ত নির্বাচনে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট মেশিন ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

ভবানীপুরে নিজের ঘরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে হেরে যান পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন তিনি। সেই মামলাতেই মঙ্গলবার (২৩ জুন) গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করেননি মমতা। উল্টো ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই সম্প্রতি আদালতের দ্বারস্থ হন মমতা। গত ১৬ জুন হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা প্রক্রিয়া চলেছিল, সেই স্কুলের ভেতরের এবং বাইরের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে ভোটে ব্যবহৃত ইভিএম ও ভিভিপ্যাট।

শুধু তাই নয় এই হাইপ্রোফাইল মামলায় সব পক্ষকে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, ভবানীপুরের গণনা মামলায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত এবং সুনীল আগরওয়ালকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এই অন্তর্বর্তী নির্দেশকে রাজনৈতিক ও আইনি মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত ভোটে হেরে যাওয়ার পর গণনায় ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা মমতার জন্য প্রথম নয়। এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতের দ্বারস্থ হন মমতা। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও।