মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

কাতারের রাস লাফান গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩


qatar-fire

ছবি: সংগৃহীত

কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক বলে নিশ্চিত করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ বিন শ্রেদা আল-কাবি।

সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে আল-কাবি জানান, রোববার রাতে রাস লাফান শিল্পনগরীর ‘বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে’ পরিচালন কার্যক্রম শুরু করার সময় এই আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মারাত্মক দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, কেনিয়া এবং নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। জ্বালানিমন্ত্রী জানান, নিহত ১৩ জন ভারত ও পাকিস্তানের নাগরিক হলেও, তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে কোন দেশের কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দোহার ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে।

নিহত ও আহতদের পরিবারের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি সার্বক্ষণিক হেল্পলাইন নম্বর (+৯৭৪-৫৫৬৪৭৫০২, +৯৭৪-৫৫৩৮৪৬৮৩) এবং একটি ই-মেইল (cons.doha@mea.gov.in) চালু করেছে। একই সাথে নিখোঁজদের দ্রুত সন্ধান ও আহতদের আরোগ্য কামনা করে কাতার সরকারের পাশে থাকার সংহতি প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কাতার কর্তৃপক্ষ।