
জোড়া গোল করে নরওয়ের জয়ের নায়ক হালান্ড। ছবি: রয়টার্স
বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটাল নরওয়ে। সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানের এক রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে দেশটি। নরওয়ের এই ঐতিহাসিক জয়ের নায়ক আর্লিং হালান্ড, যিনি করেছেন দুর্দান্ত জোড়া গোল। দলের হয়ে বাকি গোলটি করেছেন মার্কাস পেডারসেন।
খেলার শুরু থেকেই সেনেগালের ওপর চড়াও হয়ে খেলতে থাকে নরওয়ে। তবে ম্যাচের শুরুতেই নরওয়ের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান সেনেগালের অভিজ্ঞ গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে কর্নার থেকে নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ারের একটি নিশ্চিত হেডের গোল অবিশ্বাস্য দক্ষতার সাথে পা দিয়ে ঠেকিয়ে দেন মেন্ডি। এরপর ৩৭ মিনিটে বক্সের ভেতর হালান্ডের পাস থেকে মার্টিন ওডেগার্ডের একটি জোরাল শটও মেন্ডির শরীরে লেগে প্রতিহত হয়।
অবশেষে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক ২ মিনিট আগে কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় নরওয়ে। ৪৩ মিনিটে মার্কাস পেডারসেনের নেওয়া একটি দূরপাল্লার ডান পায়ের জোরাল শট মেন্ডির হাতে লাগার পরেও গোললাইন পেরিয়ে জালে জড়ায়। ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই নরওয়ের হয়ে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেন আর্লিং হালান্ড। ৪৮ মিনিটে অধিনায়ক ওডেগার্ডের চমৎকার এক পাস থেকে নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৫৩ মিনিটে সাদিও মানের পাস থেকে দারুণ এক গোল করে সেনেগালকে ম্যাচে ফেরান ইসমাইলা সার। কিন্তু সেনেগালের এই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি হালান্ড। ঠিক পাঁচ মিনিট পর অর্থাৎ ৫৮ মিনিটে প্যাট্রিক বার্গের একটি চমৎকার ক্রস থেকে পেনাল্টি স্পটের সামনে দাঁড়িয়ে দারুণ এক সাইড-ফুটেড ভলিতে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছে গিয়েও প্রতিপক্ষের ডিফেন্ডারের ব্লকের কারণে গোল পাননি হালান্ড। এরপর ৯০ মিনিটে অস্কার ববের একটি নিশ্চিত গোল সেনেগালের ডিফেন্ডার পাথে চিস গোললাইন থেকে হেডের সাহায্যে ফিরিয়ে দেন। খেলার একদম শেষ মুহূর্তে, অর্থাৎ যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে ইসমাইলা সার নিজের দ্বিতীয় গোলটি করে সেনেগালের ব্যবধান ৩-২ করলেও তা নরওয়ের জয় আটকাতে পারেনি।
এই নাটকীয় ও স্মরণীয় জয়ের ফলে ফ্রান্সের পর গ্রুপ ‘আই’ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল নরওয়ে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স, আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে নরওয়ে। আগামী ২৭ জুন বোস্টনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এই দুই দল মুখোমুখি হবে।









































