
অভিনেতা এবিএম সুমন
বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চলছে। বিশ্বজুড়ে বিশ্বকাপ উত্তেজনা। সেই হাওয়া এসে লেগেছে ঢাকার শোবিজ অঙ্গনেও। তারকাদের প্রিয় দল নিয়ে উচ্ছ্বাস, বিতর্ক আর আনন্দ আয়োজনের নানা খবর এখন চারপাশে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবিএম সুমনও মেতে উঠেছেন এই ফুটবল উৎসবে। এক বিশেষ আড্ডায় নিজের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় এবং বিশ্বকাপ নিয়ে নানা রোমাঞ্চকর ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন সোহানুর রহমান সোহাগ
বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি?
আমি মূলত ইতালির সাপোর্টার। এর পেছনে অন্যতম বড় কারণ রবার্তো ব্যাজ্জিও, তিনি আমার সব থেকে প্রিয় খেলোয়াড়। ১৯৯৪ সালে আমি যখন প্রথম বিশ্বকাপ দেখি, তখন থেকেই মূলত আমি ইতালির অন্ধ সমর্থক হয়ে যাই। যদিও দুর্ভাগ্যবশত গত তিনটি বিশ্বকাপে ইতালি খেলার সুযোগ পায়নি, তবুও ইতালির প্রতি আমার এই ভালোবাসা ও সমর্থন একটুও কমেনি।
আপনার চোখে এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা?
সত্যি বলতে, এবার আগে থেকে সুনির্দিষ্ট করে চ্যাম্পিয়নের নাম বলাটা বেশ মুশকিল। কারণ এবারের বিশ্বকাপে প্রতিটি দলই দারুণ পারফর্ম করছে, অনেক ভালো ভালো দল এসেছে। তাছাড়া মাঠে যেভাবে একের পর এক অঘটন ঘটছে, তাতে শেষ পর্যন্ত ট্রফি কার ঘরে যাবে তা নিশ্চিত করে বলা অসম্ভব।
আপনার প্রিয় ফুটবলার রবার্তো ব্যাজ্জিও, আর কারো খেলা ভালো লাগে?
আমার চোখে আসলে সময়ের সেরা অনেকেই আছেন। যেমন লিওনেল মেসি অসাধারণ খেলেন। এ ছাড়া ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিওর খেলা আমি প্রচুর দেখতাম, তার খেলা ভীষণ পছন্দ ছিল। তবে আগেই যেমনটা বলেছি, আমার অন্যতম প্রিয় খেলোয়াড়দের একজন রবার্তো ব্যাজ্জিও।
সুযোগ পেলে কোন ফুটবলারের সঙ্গে দেখা করতে চাইবেন?
যদি কখনো তেমন সুযোগ আসে, আমি অবশ্যই রবার্তো ব্যাজ্জিওর সঙ্গে দেখা করতে চাইতাম। আর সামনাসামনি দেখা হলে তাকে জিজ্ঞেস করতাম—১৯৯৪ সালের বিশ্বকাপের ফাইনালে সেই পেনাল্টিটা তিনি কীভাবে মিস করলেন, তাও আবার পোস্টের অত ওপর দিয়ে! এই প্রশ্নটা তাকে করার বড় ইচ্ছা আমার।
বিশ্বকাপের কোন স্মরণীয় ম্যাচ যা আজও মনে পড়ে…
১৯৯৪ সালের সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচটি, যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর ইতালি। পুরো ম্যাচজুড়ে টানটান উত্তেজনা এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ানোর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো আজও আমার স্মৃতিতে একদম তাজা। এটাই আমার দেখা বিশ্বকাপের সেরা ও সবচেয়ে স্মরণীয় ম্যাচ।
দর্শক হিসেবে আপনি কেমন- উচ্ছ্বল নাকি চুপচাপ?
দুটোর কোনোটাই না। খেলা যদি টানটান উত্তেজনার হয়, তবে আমি মাঠের সেই চরম রোমাঞ্চ ও কৌশলগুলো দারুণভাবে উপভোগ করি। একজন দর্শক হিসেবে খেলাটা আনন্দের সাথে দেখাই আমার পছন্দ।
যদি একদিনের জন্য কোনো বিশ্বকাপ দলের কোচ হওয়ার সুযোগ পেতেন, কোন দলের দায়িত্ব নিতেন?
কোচ হওয়ার সুযোগ পেলে পর্তুগাল দলের দায়িত্ব নিতাম। দলটির ভেতরে যে ধরনের অভ্যন্তরীণ বিষয় বা সমস্যাগুলো আছে, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করতাম। কারণ, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন মহান ফুটবলার যে দলে আছেন, সেই দলটি অবশ্যই একটি বিশ্বকাপ ট্রফি জেতা ডিজার্ভ করে।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস






































