মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত অন্তত ২০


nigeria

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, রবিবার প্লাটো রাজ্যের বোক্কোস এলাকার কাওয়েল সম্প্রদায়ে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারগুলোর আপত্তির কারণেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনার পর প্লাটো রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোকে দ্রুত এলাকায় পৌঁছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা চলমান রয়েছে। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহের জেরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়া উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলেও এমন হামলার ঘটনা নিয়মিত ঘটছে। এর আগে চলতি বছরের মার্চ মাসেও প্লাটো রাজ্যে আরেকটি হামলায় অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।