মঙ্গলবার । জুন ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৩ জুন ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
শেয়ার

জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ


তিন দফা দাবিতে একযোগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের ১৮ জন আইন কর্মকর্তা। যার মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী এই আইন কর্মকর্তারা সবাই জামায়াতপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

পদত্যাগকারীদের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী সাংবাদিকদের জানান, তিনটি সুনির্দিষ্ট কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো হলো—জুলাই আন্দোলনের চেতনা অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা, বিচার বিভাগকে স্বাধীন করতে সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট (পৃথক সচিবালয়) না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স (বিচারক নিয়োগ অধ্যাদেশ) বাতিল করা।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আইন কর্মকর্তারা নিয়োগ পেয়েছিলেন। সেই প্রেক্ষাপট তুলে ধরে ইউসুফ আলী বলেন, “গত ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় আসার পরও আমরা রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ সহযোগিতা ও জুডিশিয়ারিকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখতে পেলাম স্বয়ং এই রাষ্ট্রই বিচার বিভাগ পৃথকীকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আমাদের মূল স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আন্দোলনের চেতনা অনুযায়ী কাজ করতে এই সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা এর প্রতিবাদে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

পদত্যাগকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—ইউসুফ আলী, মোহাম্মদ গোলাম রহমান ভূঁইয়া, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ আসাদ উদ্দিন, মোহাম্মদ আবদুল করিম ও মোহাম্মদ ফরিদ উদ্দিন খান।

আর পদত্যাগ করা ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোবায়দুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন। একযোগে এতজন আইন কর্মকর্তার এই পদত্যাগের ঘটনা আইনাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।