
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এ নিয়ে মোট ১২৭তম বারের মতো প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়ে গেল বলে আদালত সূত্রে জানা গেছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন। নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় ধরে মামলার তদন্ত বিভিন্ন সংস্থার হাতে থাকলেও অগ্রগতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেয়।
আদালত তখন ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়েও প্রতিবেদন জমা না হওয়ায় পরে আরও সময় বাড়ানো হয়।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি উল্লেখ করে অতিরিক্ত সময় চায়। হাইকোর্ট বিভিন্ন সময় দফায় দফায় সময় বাড়ালেও এখন পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।
ফলে দীর্ঘ ১৩ বছরের বেশি সময়েও আলোচিত এই হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় বিচারপ্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।












































