বুধবার । জুন ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৭ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন
শেয়ার

আমরা স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছি, বাজেট একটু উচ্চাভিলাষী হবেই: আইনমন্ত্রী


ঝিনাইদহ শহরের পবহাটিতে সর্বাধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এ বাজেট উচ্চাভিলাষী, আর উচ্চাভিলাষী তো থাকবেই জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি স্বপ্ন দেখে বলেই এমন স্বপ্নবাজ বাজেট দেয়ার সাহস রাখে। যে বাজেট দেয়া হয়েছে, তা স্বপ্নের বাজেট। আমরা স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেটা তো একটু উচ্চাভিলাষী হবেই।

বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহ শহরের পবহাটিতে সর্বাধুনিক কসাইখানা উদ্বোধন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এবারের বাজেটে সাধারণ ও গরিব মানুষের কল্যাণকে প্রাধান্য দেয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন আয়ের মানুষের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে কর কমানো হয়েছে।

অপরাধ ও অপরাধীদের দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, একজন ধর্ষণকারী ও মাদক কারবারি কোনও রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না। এই ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনও রাজনৈতিক নেতা যেন কোনও প্রকার তদবির বা সুপারিশের মধ্যে না জড়ান, সে বিষয়েও তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন।

ঝিনাইদহ পৌরসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন নির্মিত এই আধুনিক কসাইখানাটির উদ্বোধন শেষে মন্ত্রী জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।