
সংগৃহীত ছবি
বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত আই গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরুতে ফ্রান্সকে বেশ চাপে রাখে সেনেগাল। প্রথমার্ধে একাধিক আক্রমণ চালিয়ে গোলের সুযোগও তৈরি করেছিল আফ্রিকার প্রতিনিধিরা। নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে, আর ইসমাইলা সার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। অন্যদিকে এমবাপ্পে-ডেম্বেলে-ওলিসেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগও প্রথম ৪৫ মিনিটে তেমন কার্যকর হতে পারেনি। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়িয়ে সেনেগালের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে ফ্রান্স। ৬৬তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ৮২তম মিনিটে বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন।
যোগ করা সময়ে ইব্রাহিম এমবায়ে একটি গোল শোধ করে সেনেগালকে ম্যাচে ফেরার আশা দেখালেও শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।
এই ম্যাচে করা দুই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে, যা তাকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এনে দিয়েছে। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১৪। দুই দশক আগে ২০০২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চমক দেখানো সেনেগাল এবার আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারেনি। এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্যে শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।













































