
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে, চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত বিস্তারিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর তিনি স্থানীয় দুসাই রিসোর্টে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি জেলা সার্কিট হাউজ পুরোপুরি সাজিয়ে তোলা হয়েছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করে পরিচ্ছন্নতার কাজ চলছে জোরকদমে। বিশেষ করে প্রধানমন্ত্রী যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেই সড়কগুলো মেরামত ও সংস্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সমাবেশস্থল শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে বিশালাকার মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকেও মাঠ ও সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল জেলার ৯২টি চা বাগান আজ বন্ধ থাকবে। চা শ্রমিকদের বুধবারের কাজ সাপ্তাহিক বন্ধের দিন রবিবার আদায় করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সার্বিক প্রস্তুতি নিয়ে জানান, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে দেশের প্রধানমন্ত্রী তথা দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহর ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”












































