
চলমান ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দলের নাম সরাসরি না বললেও একটি সংক্ষিপ্ত মন্তব্যের মাধ্যমে পছন্দের দলের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যম এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা চলাকালে অবধারিতভাবে চলমান বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ উঠে আসে। একপর্যায়ে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, এবারের বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থন করছেন।
জবাবে তারেক রহমান মুচকি হেসে বলেন, ‘অনেক দিন তো একটা দেশে ছিলাম।
প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, তিনি ইংল্যান্ড দলকেই সমর্থন করছেন।
রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করতে হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ২০০৮ সালে দেশ ছাড়ার পর প্রায় ১৭ বছর তিনি লন্ডনে নির্বাসন জীবন কাটান। সেই প্রেক্ষাপটে ইংল্যান্ডের প্রতি তার বিশেষ আগ্রহ বা সমর্থন থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন উপস্থিত অনেকে।
তবে তিনি সরাসরি কোনো দলের নাম ঘোষণা না করায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তারপরও তার মন্তব্য বিশ্বকাপপ্রেমী ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস












































