
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।
সোমবার (১৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক তাকে সীমিত সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব দিয়েছে এবং এই সময়ে একটি নিরপেক্ষ বোর্ড গঠনই তার অন্যতম প্রধান অগ্রাধিকার।
জহির হোসেন বলেন, ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তিনি আরও বলেন, অতীত নিয়ে পড়ে থাকার সুযোগ নেই; বরং প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য।
ব্যাংকের সাম্প্রতিক ব্যবস্থাপনা পরিবর্তন নিয়ে গ্রাহক ও আমানতকারীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকের সব ধরনের কার্যক্রম ও লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। এ কারণে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে কোনো ধরনের দ্বিধা বা শঙ্কার প্রয়োজন নেই।
নবনিযুক্ত প্রশাসক আশ্বাস দেন, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের প্রতি জনআস্থা পুনর্গঠনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, একটি শক্তিশালী ও নিরপেক্ষ পরিচালনা কাঠামো গড়ে তোলার মাধ্যমে ইসলামী ব্যাংককে আরও স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করা হবে।












































