
ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অনাকাঙ্খিত ও অসৌজন্যমূলক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকাস্থ ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
তার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরকার এ ইস্যুতে ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান রোববার ঢাকা থেকে দিল্লি যান। বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন তিনি।
দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে নজরদারি তালিকার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করে এবং দীর্ঘ সময় বসিয়ে রাখে। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সরকারি সফর পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সসম্মানে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও ডা. জাহেদ উর রহমান তা প্রত্যাখ্যান করেন। আত্মসম্মান ও কূটনৈতিক প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন।











































