
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান || ছবি: সংগৃহীত
দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরকার এ ইস্যুতে ব্যবস্থা নেবে। সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জানা গেছে, সোমবার থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিল জাহেদ উর রহমানের।
এ বিষয়ে শুক্রবারই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কিন্তু রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে নামার পর জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, তা-ও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এমতাবস্থায় জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। পরে আজ দুপুরের দিকে তিনি দেশে ফিরে আসেন।










































