
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনা এবার নতুন মাত্রা পেয়েছে। ২০২৫ সালে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হলেও পরে দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করেন। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে উপস্থিত হয়ে আলোচনায় ছিলেন এই জুটি।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানেও নজর কাড়েন কেটি-ট্রুডো। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে কেটি পেরি তার জনপ্রিয় গান ‘ওয়ান্ডার’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। পারফরম্যান্সে তার সঙ্গে ছিলেন নরওয়ের কিশোর শিল্পী টিয়াস লুকার।

তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে কেটি ও ট্রুডোর ব্যক্তিগত মুহূর্ত। পরিবেশনা শেষে কেটি মাঠে গিয়ে ট্রুডোকে আলিঙ্গন করেন এবং প্রকাশ্যে চুম্বন করেন। তাদের এই রোমান্টিক মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রথম প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে। পরে তারা একসঙ্গে মাঠে বসে ম্যাচ উপভোগ করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: পিপলডটকম









































