
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজরকাড়া পরিবেশনার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে তার পারফরম্যান্স দর্শক-শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে অনুষ্ঠানের পর থেকেই ভক্তদের মধ্যে একটি প্রশ্ন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে—বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছেন নোরা?
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অধিকাংশ শিল্পীকেই আলাদা কোনো পারফরম্যান্স ফি দেওয়া হয়নি। নোরার ক্ষেত্রেও একই ধরনের তথ্য সামনে এসেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা বা নোরা ফাতেহির টিম।
জানা গেছে, শিল্পীদের সরাসরি সম্মানী না দিলেও তাদের যাতায়াত, আবাসন, মঞ্চ নির্মাণ, কোরিওগ্রাফি, পোশাক এবং অন্যান্য প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যয়ের দায়িত্ব নিয়েছে ফিফা। ফলে নোরা আদৌ কোনো পারিশ্রমিক পেয়েছেন কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
উদ্বোধনী অনুষ্ঠানে নোরা পরিবেশন করেন ‘সির সির’ শিরোনামের গান, যা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম থিম সং হিসেবে পরিচিত। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম ও সংগীত প্রযোজক সানজয়।
‘সির সির’ নামটি নেওয়া হয়েছে একটি জনপ্রিয় মরক্কান ফুটবল স্লোগান থেকে, যার অর্থ ‘এগিয়ে চলো’। গানটিতে আরবি, ইংরেজি, ফরাসি ও মরক্কান দারিজা ভাষার সংমিশ্রণ রাখা হয়েছে, যা বিশ্বকাপের বহুজাতিক আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস









































