রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ জুন ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমণি লিখলেন ‘মজা’


Bengir-Porimoni

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন তাকে আটক করা হয় বলে জানা গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেনজীরের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীরের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে শুধু এক শব্দে লেখেন, ‘মজা’।

পরীমণি তার মন্তব্যের কোনো ব্যাখ্যা দেননি। তবে পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে আনছেন, যেখানে বেনজীর আহমেদের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে পরীমণিকেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।