
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার এই ঘোষণার কিছুক্ষণ পরই বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ জানান, দীর্ঘ ও নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে মধ্যস্থতাকারীদের উদ্যোগে কয়েকটি বৈঠকে চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
মধ্যস্থতা প্রক্রিয়ায় সহযোগিতার জন্য শেহবাজ শরিফ কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের ভূমিকাও প্রশংসা করেন।
অন্যদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।” একই সঙ্গে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উন্মুক্ত করার অনুমোদনের কথা জানান এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেন।
নিজের বার্তায় ট্রাম্প বলেন, “বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও।”
এই ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হলেও, প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি












































