
ছবি: রয়টার্স
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করলো জার্মানি। রোববার টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত দল কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানি। ষষ্ঠ মিনিটেই ফ্লোরিয়ান ভির্টজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাসের পর ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে নেন। এটি এবারের বিশ্বকাপের দ্রুততম গোল।
তবে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় কুরাসাও। লিভানো কোমেনেন্সিয়ার শট জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ম্যাচে সমতা ফেরে। এতে কুরাসাও সমর্থকদের উচ্ছ্বাসে ভাসার সুযোগ মিললেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি।
জার্মানি দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়। নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে এনমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে কাই হাভার্টজ গোল করে ব্যবধান বাড়ান।
বিরতির পরও আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে জার্মানি। জামাল মুসিয়ালা ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে দলের চতুর্থ গোলটি করেন। এরপর বিশ্বকাপে অভিষেক হওয়া নাথানিয়েল ব্রাউনও নাম লেখান গোলদাতাদের তালিকায়।
শেষদিকে ডেনিজ উনদাভ ও কাই হাভার্টজ আরও দুটি গোল করলে জার্মানির বড় জয় নিশ্চিত হয়।
এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘ই’-তে শক্ত অবস্থান নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জার্মানি। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হলো।












































