রবিবার । জুন ১৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ১৪ জুন ২০২৬, ১:১৪ অপরাহ্ন
শেয়ার

পাল্টা আক্রমণের নৈপুণ্যে তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার চমক


Aus vs Turkey

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ দলে বড় পরিবর্তন এনে সবাইকে চমকে দেন

নেস্টরি ইরানকুন্ডা ও কনর মেটক্যালফের গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখালো অস্ট্রেলিয়া।

রোববার (১৪ জুন) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আটটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ দলে বড় পরিবর্তন এনে সবাইকে চমকে দেন। অভিজ্ঞ অধিনায়ক ও গোলরক্ষক ম্যাটি রায়ানকে বেঞ্চে বসিয়ে মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামানো হয় প্যাট্রিক বিচকে। এছাড়া সহ-অধিনায়ক জ্যাকসন আরভিনেরর জায়গায় একাদশে সুযোগ পান ২১ বছর বয়সী মিডফিল্ডার পল ওকন-এংস্টলার।

কোচের এই দুই সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়। তুরস্ক বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও বারবার বাধা হয়ে দাঁড়ান বিচ। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন।

অন্যদিকে ওকন-এংস্টলার প্রথম গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথমার্ধে তার নিখুঁত দীর্ঘ পাস তুরস্কের রক্ষণভাগ ভেদ করে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে গোল করেন নেস্টরি ইরানকুন্ডা।

২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে এসেছে তুরস্ক। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাগুলোতে নিয়মিত খেলা তারকাসমৃদ্ধ দলটি নকআউট পর্বে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় এসেছিল।

তবে সুসংগঠিত অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে তারা নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। শক্তিশালী আক্রমণ গড়েও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তুরস্ককে।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস