সোমবার । জুন ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ১৫ জুন ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান


japan-netherland

ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফিরে জাপানর খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়ল না এশিয়ান পরাশক্তি জাপান। ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর এক রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর ম্যাচে ডাচদের জয়োৎসব মাটি করে দিয়েছে ‘সামুরাই ব্লু’রা। ম্যাচের ৮৬তম মিনিটে দাইচি কামাদার নাটকীয় গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ব্যবধানের এক অবিশ্বাস্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, তবে আক্রমণের ধার ছিল দুই দলেরই। খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় ডাচরা। কোডি গাকপোর নিচু ক্রস থেকে ডনিয়েল মালেন জোরালো শট নিলেও জাপানি গোলরক্ষক জিয়ন সুজুকির অসাধারণ সেভে রক্ষা পায় জাপান। ৪৩তম মিনিটে জাপানের কেইতো নাকামুরার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে গোল ছাড়াই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরেই পাল্টে যায় দৃশ্যপট। ৫১তম মিনিটে রায়ান গ্রাভেনবার্খের চমৎকার ক্রসে ফাঁকায় দাঁড়িয়ে নিখুঁত হেডে গোল করেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় সমতায় ফেরে জাপান। ৫৭তম মিনিটে বাঁ দিক থেকে আসা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে চমৎকার এক গোল করেন কেইতো নাকামুরা।

খেলার ৬৪তম মিনিটে নেদারল্যান্ডসকে আবারও লিড এনে দেন ক্রিসেনসিও সামারভিল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে দূরের কোণে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে গতি আনতে বেঞ্চ থেকে একঝাঁক বদলি খেলোয়াড় মাঠে নামান জাপানি কোচ। ৭৪তম মিনিটে গাকপোর আরেকটি বিপজ্জনক শট ঠেকিয়ে জাপানকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক সুজুকি।

ম্যাচ যখন শেষের দিকে, ঠিক তখনই দেখা মেলে জাপানের সেই কাঙ্ক্ষিত কামব্যাকের। ৮৬তম মিনিটে ডান দিক থেকে নেওয়া কর্নারে কোকি ওগাওয়ার হেডে বল পেয়ে যান দাইচি কামাদা। চলন্ত বলে পা ছুঁইয়ে বল ডাচদের জালে জড়াতে ভুল করেননি তিনি। কামাদার এই ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ডালাস স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে জাপান। শেষ মুহূর্তে আর কোনো গোল না হওয়ায় ২-২ ব্যবধানের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।