সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শেয়ার

বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু হয়েছে: চিফ প্রসিকিউটর


Aminul-Islam

সংগৃহীত ছবি

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বেনজীর আহমেদ অন্যতম আসামি। বিশেষ করে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, রাজধানীর শাপলা চত্বরের ঘটনাসহ একাধিক আলোচিত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায়ও অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই দাখিল করা হবে।

তিনি বলেন, বিভিন্ন গুমের ঘটনায় বেনজীর আহমেদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং ট্রাইব্যুনালের মামলার বাইরেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে জারি করা তিনটি গ্রেপ্তারি পরোয়ানার নথি সরকারের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে এসব নথি ইন্টারপোলে পাঠানো হবে এবং তাকে দেশে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে।

আমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এরপর সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে বলে তারা আশাবাদী।

তিনি আরও জানান, দেশে ফিরিয়ে আনার পর বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার কাছ থেকে বিভিন্ন মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হবে।