সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ৩


dubaura-news

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর কংস নদী থেকে নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার (১৪ জুন) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নিশামনি বাড়ির পাশ থেকে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিশামনির বলে শনাক্ত করেন।

স্বজনরা জানান, মরদেহ উদ্ধারের পর রাতেই গোসল করানোর সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিশেষ করে গলা ও বুকে কামড়ের মতো দাগ এবং শরীর থেকে রক্তক্ষরণের আলামত লক্ষ্য করা যায়। এতে তাদের সন্দেহ হয় যে, শিশুটিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত শিশুর স্বজন ফারহানা ইসলাম ঈষিতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মাত্র পাঁচ বছরের একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে কংস নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি।’

খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ইতিমধ্যেই সন্দেহভাজন তিন যুবককে আটক করা হয়েছে। নিহত শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।