
ছবি: সংগৃহীত
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে সড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও স্পেসিফিকেশন তাদের স্থানীয় কার্যালয় অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত রয়েছে কি না, তা যাচাইয়ের পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।









































