মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ১৬ জুন ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
শেয়ার

অঘটনের বিশ্বকাপে এবার বেলজিয়ামকে রুখে দিল মিশর


misor

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপকে ‘অঘটনের বিশ্বকাপ’ বললে মোটেও ভুল হবে না। আসরের শুরু থেকেই কোনো হেভিওয়েট দলই সহজ জয়ের দেখা পাচ্ছে না; বড় বড় পরাশক্তিদের ড্র করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ব্রাজিলকে রুখে দিয়েছে মরক্কো, নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে জাপান। অন্যদিকে, স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ম্যাচে বেঁধে রেখেছে কেপ ভার্দে। সেই অঘটনের ধারাবাহিকতায় এবার শক্তিশালী বেলজিয়ামের পয়েন্ট কেড়ে নিল মিশর।

আজ রাতের হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়াম না মিশর জিতবে, তা আগে থেকে ধারণা করা ছিল বেশ কঠিন। তবে ফুটবল বিশ্লেষকদের চোখে র‍্যাঙ্কিং ও দুর্দান্ত ফর্মের কারণে কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু এবং রোমেলু লুকাকুদের বেলজিয়ামই ছিল স্পষ্ট ফেবারিট।

কিন্তু মাঠের লড়াইয়ে সমস্ত বিশ্লেষণকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথমার্ধেই এগিয়ে যায় মিশর। ম্যাচের ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় তারকা ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটিই তাঁর প্রথম গোল। আশুরের এই ঐতিহাসিক গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিশর।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৫৩ মিনিটে তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার একটি ফ্রি-কিক মিশরের গোলপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় তাদের। তবে ৬৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বেলজিয়াম। মাঠে নেমেই দলের সমতাসূচক গোলের উপলক্ষ হন স্ট্রাইকার রোমেলু লুকাকু। আক্রমণভাগে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী এই গোলে ম্যাচে ১–১ সমতা ফেরে।

ম্যাচের বাকি সময়ে জয়সূচক গোলের জন্য দুই দলই প্রাণপণ লড়াই চালিয়ে যায়। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। ফলে ১–১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় বেলজিয়াম ও মিশরকে।